জাতীয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জাতীয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সংসদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

সংসদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি


সরকারকে জড়িয়ে বিতর্কিত মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পদত্যাগ দাবি করেছেন স্বতন্ত্র সাংসদ তাহজীব আলম সিদ্দিকী।
জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে গতকাল মঙ্গলবার (৯ জানুয়ারি) তিনি এই দাবি করেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন চলছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর দেওয়া বক্তব্য তুলে ধরে তাহজীব আলম বলেন, ‘অতিকথন দোষে দুষ্ট আমাদের শিক্ষামন্ত্রীর অতিবিতর্কিত মন্তব্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। পত্রপত্রিকায় দেখেছি, মন্ত্রী সরকারি কর্মকর্তাদের বলেছেন, “আপনারা সহনীয় পর্যায় ঘুষ খাবেন। ঘুষ খেতে না বলার নৈতিক সাহস আমার নেই। কারণ আমি ঘুষ খাই, মন্ত্রীরা ঘুষ খায়।” এই বিতর্কিত বক্তব্যের জন্য মন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তাঁকে অবশ্যই সংসদে দাঁড়িয়ে তাঁর মন্তব্যের জন্য ব্যাখ্যা দিতে হবে। সত্যিই তিনি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ হলে জনগণের কাছে সরকারকে বিতর্কিত না করে ওনার উচিত নিজ পদ থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া। কারণ একটি সফল ও সার্থক সরকারের ভাবমূর্তি কোনো দায়িত্বহীন ব্যক্তির লাগামহীন বক্তব্যে ভূলুণ্ঠিত হতে পারে না।’


এরপর তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী মাদক নিয়ন্ত্রণে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘স্কুলে স্কুলে ইয়াবায় ছেয়ে যাচ্ছে। মাদকের মাধ্যমে আমরা একটি প্রজন্মকে শেষ করে দিচ্ছি। জঙ্গিবাদের থেকেও ভয়াবহ হচ্ছে মাদক। এর সঙ্গে কে বা কারা জড়িত, তা আমার জানার বিষয় নয়। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ ব্যাপারে ব্যাখ্যা দাবি করব।’ মাদক ব্যবসায়ীদের হত্যা করার ইঙ্গিত করে নজিবুল বশর বলেন, ‘আমি নজিবুল বশর মাইজভান্ডারী, তরীকত ফেডারেশনের চেয়ারম্যান, যদি সরকারের কাছে তথ্য থাকে যে আমি এই ব্যবসার সঙ্গে জড়িত, তাহলে আমাকে হত্যা করুন। আমাকে হত্যা করে হলেও দেশটাকে বাঁচান। দেশ ছেয়ে যাচ্ছে মাদকে। দেশটাকে বাঁচান।’
সাংসদ নুরুল ইসলাম মিলন তাঁর বক্তব্যে প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা বাতিলের দাবি করেন।

চলচ্চিত্র অসাম্প্রদায়িক সমাজ নির্মাণের আত্মা

চলচ্চিত্র অসাম্প্রদায়িক সমাজ নির্মাণের আত্মা

সমাজ বিনির্মাণে চলচ্চিত্রের ভূমিকা তুলে ধরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, 'চলচ্চিত্র সমাজের খলচরিত্র জঙ্গিবাদের বিনাশে রাজনৈতিক শক্তির সহশক্তি। চলচ্চিত্র অসাম্প্রদায়িক এবং মানবিক সমাজ নির্মাণের আত্মা। এই চলচ্চিত্রকে নিজের শেকড়ের ওপর দাঁড়াতে হবে। তাহলে এর ভবিষ্যৎ সুদৃঢ় হবে।'
শুক্রবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দার জাহিদ মিলনায়তনে ত্রিকোণ চলচ্চিত্র শিক্ষালয় আয়োজিত চলচ্চিত্র কর্মশালার সনদপত্র বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
চলচ্চিত্র কমপ্লেক্স নির্মাণের বিষয়ে মন্ত্রী বলেন, 'চলচ্চিত্রের উন্নয়নের জন্য সরকার চেষ্টা করছে। প্রায় ৪০০ কোটি টাকা ব্যয় করে বিএফডিসি সংলগ্ন ৭ বিঘা জমিতে ১৬ তলার পূর্ণাঙ্গ চলচ্চিত্র কমপ্লেক্স নির্মিত হবে। যেখানে ১০টি সিনেপ্লেক্স থাকবে। ৬ মাসের মধ্যে এ প্রকল্প পরিকল্পনা চূড়ান্ত হবে।'


বিএনপি সরকারের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, '২০০০ সাল পর্যন্ত সারা দেশে সিনেমা হল ছিল ১৩৯৯টি। ২০০১ সাল থেকে হল কমতে শুরু করে, বাংলাদেশের চলচ্চিত্রে অধঃপতনের ধারা শুরু হয়। হল সংখ্যা আজ দাঁড়িয়েছে ৩২০ এ।'
অনুষ্ঠানে ৩ বছরে ৮টি ব্যাচের কোর্স করা ৫৬ নির্মাতাকে সনদ বিতরণ করেন তথ্যমন্ত্রী। সনদ প্রাপ্তদের বিভিন্ন মাধ্যমে কাজ করার সুযোগ দেয়া হবে বলে জানান তিনি।
ত্রিকোণ চলচ্চিত্র শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ইহতিশাম আহমেদের সভাপতিত্বে ও মনিরা পারভীনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক চিত্রনায়ক ফারুক, চলচ্চিত্র লেখক সমিতির সভাপতি জামান আখতার, চিত্রকর নাজিব তারেক ও চিত্রনির্মাতা আশরাফ শিশির।





প্রধানমন্ত্রীর উদ্যোগে মিয়ানমারের বিরুদ্ধে সোচ্চার বিশ্বনেতারা

প্রধানমন্ত্রীর উদ্যোগে মিয়ানমারের বিরুদ্ধে সোচ্চার বিশ্বনেতারা


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের প্রতি মানবতা দেখিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপের কারণে বাংলাদেশ আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রশংসা অর্জন করেছে।
শুক্রবার রাজধানীর মিরপুরে হার্ট ফাউন্ডেশন মিলনায়তনে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। হার্ট ফাউন্ডেশন এই সভার আয়োজন করে
তিনি বলেন, প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি তাদেরকে ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে বিশ্ব জনমত গড়ে তুলছেন। তার কূটনৈতিক উদ্যোগের কারণে বিশ্বের নেতারা মিয়ানমার সরকারের বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন।


এ সময় হৃদরোগ ও অন্যান্য সংক্রামক রোগ থেকে সুরক্ষিত রাখতে তামাক ও মাদক সেবন থেকে দূরে থাকার জন্য সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার জনসাস্থ্যের জন্য হুমকি। হৃদরোগে আক্রান্ত ও জটিল করে তোলার পেছনেও তামাকজাত দ্রব্য সহায়ক ভূমিকা রাখে।
নাসিম বলেন, সম্মিলিতভাবে ব্যাপক সচেতনতা সৃষ্টি করে এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে এ দেশের মানুষকে তামাকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে পারব। আর গড়ে তুলতে পারব একটি সুস্থ, সরল ও উৎপাদনশীল দেশ। ধোঁয়াযুক্ত ও ধোঁয়াবিহীন সব ধরনের তামাকই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।



তিনি বলেন, তামাক ব্যবহারের প্রত্যক্ষ ফল হিসেবে বাংলাদেশে প্রতিবছর ৩০ বছরের বেশি বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে ৫৭ হাজার মৃত্যুবরণ করেন এবং পঙ্গুত্ববরণ করেন প্রায় ৪ লাখ মানুষ।
ফাউন্ডেশনের সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) এম এ মালিকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. আব্দুল আওয়াল প্রমুখ।



জামায়াতের কেন্দ্রীয় ১০ নেতাকর্মী আটক

জামায়াতের কেন্দ্রীয় ১০ নেতাকর্মী আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কদমতলী থানাধীন পূর্ব ধোলাইপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ও কেন্দ্রীয় মসজলিসে শূরার সদস্য আবদুস সবুর ফকির। শুক্রবার রাতে দলটির আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে অন্যদের নাম উল্লেখ করেনি জামায়াত।



পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আটক জামায়াত নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলেন। তাদের কাছ থেকে বিস্ফোরক ও চাকু জব্দ করা হয়েছে। তবে নেতাকর্মীদের আটকের ঘটনাকে অগণতান্ত্রিক ও যড়ষন্ত্র দাবি করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।
আটকের বিষয় নিশ্চিত করে ডিএমপি'র ওয়ারি বিভাগ পুলিশের উপ-কমিশনার ফরিদ উদ্দিন জাগো নিউজকে বলেন, দুর্গাপূজা ও তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনাকালে তাদের আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিস্ফোরক, চাকু ও জিহাদি বই জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জামায়াত আমির বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের একটি বৈধ ও আইনানুগ রাজনৈতিক দল। সরকার জামায়াতে ইসলামীকে কোনো ধরনের সাংগঠনিক তৎপরতা চালাতে দিচ্ছে না। সরকার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের অফিসগুলো বেআইনিভাবে বন্ধ করে রেখেছে।’



তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামীকে সাংগঠনিক তৎপরতা এবং রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে না দিয়ে সরকার সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার হরণ করেছে।’
বিবৃতিতে অবিলম্বে জামায়াত নেতাদের মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান মকবুল আহমাদ।



প্রতিমা বিসর্জন আজ

প্রতিমা বিসর্জন আজ

আজ বিজয়া দশমী। দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সমাপ্তি ঘটবে। গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছিল হিন্দুধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
আজ সব পূজামণ্ডপ ঘিরে শুধুই বিষাদের ছায়া। বিদায়ের সুর বাজছে মণ্ডপগুলোতে। দেবীকে বিদায় দিতে সনাতন ধর্মাবলম্বীরা শেষ মুহূর্তের পূজা-অর্চনা সম্পন্ন করছেন। একটু পর ঢাকঢোল, খোল-করতাল, কাসর-শঙ্খ বাজিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে দুর্গার বিদায়ের আয়োজন সম্পন্ন করা হবে।



এ ছাড়া আজ ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ থেকে বিকেল ৩টায় বিজয়া শোভাযাত্রা বের হবে। বিজয়া দশমী উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচারিত হচ্ছে।
গতকাল শুক্রবার ছিল নবমী। এ দিন সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন মন্দির ও মণ্ডপে ভক্ত-দর্শনার্থীরা ভিড় জমান। শ্রদ্ধা আর ভক্তির মধ্য দিয়ে প্রার্থনা করেন। দেবীর বন্দনায় প্রতিটি পূজামণ্ডপে ছিল কেবলই বিষাদের ছায়া।
বাংলাদেশ পূজা উদযাপন কমিটির তথ্য মতে, এবার সারা দেশে ৩০ হাজার ৭৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকায় ২৩১ মণ্ডপে পূজা হচ্ছে এবার।